Breaking
Wed. Oct 28th, 2026

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। বিকালে পর পর দুইবার আলোকস্বল্পতার কারণে খেলা আর মাঠে গড়ায়নি। দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়। ৭৪ ওভার শেষে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে স্বস্তিতে রয়েছে টাইগাররা।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে উইকেট হারালেও সাদমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিন শেষে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

দিনের শুরুতে দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৩ বলে ৭ রান করে জেইডেন সিলসের বলে আউট হন তানজিদ হাসান। এরপর সাদমান ও মুমিনুল হক মিলে প্রতিরোধ গড়েন। দ্বিতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন তারা। ৫১ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিক্যানের বলে বিদায় নেন মুমিনুল।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪২ বলে ১৯ রান করে ওয়ারিক্যানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ১১০ রানে তৃতীয় উইকেট হারানোর পর সাদমানকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন তাওহীদ হৃদয়।

চতুর্থ উইকেটে দুজনের জুটিতে আসে ৮৮ রান। ৮৪ বলে ৪২ রান করার পর পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন হৃদয়। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯৮ রান। এরপর লিটনকে নিয়ে বাকি সময়টা নির্বিঘ্নে পার করেন সাদমান।

শেষ পর্যন্ত ২১৯ বল খেলে ১০টি চারের সাহায্যে ৯৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসজুড়ে উইকেটের এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্যারিয়ারের আরেকটি টেস্ট সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়ে রেখেছেন তিনি।
(স্পোর্টস ডেস্ক)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *