Breaking
Wed. Sep 9th, 2026

নিউজিল্যান্ড শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেছেন অধিনায়ক

নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কাই বলা যায়। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির বদলি অধিনায়ক টম ল্যাথাম।

এর আগে চলমান আইপিএলের কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ নিয়মিত দলের বেশ কজন ক্রিকেটারকে হারিয়েছে নিউজিল্যান্ড। এবার অনুশীলনে ব্যাটিংয়ের সময় ডান হাতের আঙুলে আঘাত পান ৩২ বছর বয়সী ল্যাথাম। যেখানে এক্স-রে করে তার আঙুলে ধরা পড়ে চিড়।

স্যান্টনার না থকায় এই সিরিজে ল্যাথামকে নেতৃত্বে দেওয়া হয়। তবে তিনিও ছিটকে পড়ায় পরিবর্ত অধিনায়ক করা হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে।

ব্রেসওয়েল পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডের ৪-১ ব্যবধানের জয়ে নেতৃত্ব দিয়েছেন। সব মিলিয়ে ১০টি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। তবে ওয়ানডেতে তিনি টস করবেন প্রথমবার।

এদিকে ল্যাথামের পরিবর্তে দলে ফিরেছেন হেনরি নিকোলস। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান সবশেষ ওয়ানডে খেলেছেন গত নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে।

ল্যাথাম শুধু অধিনায়কই ছিলেন না, কিপিং গ্লাভস থাকে তার হাতেই। তার জায়গায় এখন কিপিং করবেন আগে থেকেই স্কোয়াডে থাকা মিচেল হে। গত কিছুদিনে টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পাওয়া ২৪ বছর বয়সী এই কিপার-ব্যাটার এখনও পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন।

এছাড়া কিউই স্কোয়াডে পরিবর্তন আছে আরও একটি। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম ম্যাচের পরই চলে যাবেন উইল ইয়াং। তার বদলে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন রিস মাইরু। ২৩ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার এখনও পর্যন্ত স্রেফ ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। তার ব্যাটিং গড় এখানে স্রেফ ২৭.৩৩। তবে প্রথম শ্রেণির ক্যারিয়ারের শুরুতেই ঝড় তুলেছেন তিনি। ১৪ ম্যাচ খেলে চারটি শতরান করে ফেলেছেন, ব্যাটিং গড় ৬১.৭৩!

আগামী শনিবার তিন ম্যাচের এই সিরিজ শুরু হচ্ছে। আইপিএলে ব্যস্ততার কারণে স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপ, রাচিন রাভিন্দ্রার মতো তারকারা থাকছেন না এই সিরিজে। কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই নিজেকে সরিয়ে নেওয়া কেন উইলিয়ামসন এই সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।

চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে খেলতে পারছেন না দুই পেসার ম্যাট হেনরি ও কাইল জেমিসন। ২০২৭ বিশ্বকাপে তাকিয়ে চুক্তিতে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিতে এই সিরিজে বিবেচনা করা হয়নি জিমি নিশাম, টিম সাইফার্ট ও ফিন অ্যালেনকে। আক্ষরিক অর্থেই তাই দ্বিতীয় সারির দল নিয়ে নামছে নিউজিল্যান্ড।(মোঃ মিছবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *