Sun. Jun 21st, 2026

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায়, অবশেষে ফেঁসে গেলেন দোকানের মালিক, জিজ্ঞাসাবাদের জন্য আটক -৫

মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে নিজের দোকানেই ‘ডাকাতির নাটক’ সাজিয়ে শেষ পর্যন্ত নিজেই পুলিশের জালে ধরা পড়লেন দোকানের মালিক শুভ দাস (৩৫)। ৫ লাখ টাকার চুক্তিতে তিন দুর্বৃত্তকে ভাড়া করে তিনি এই পুরো ঘটনাটিকে বাস্তব লুটের মতো উপস্থাপন করেন। অবশেষে পুলিশের তদন্তে বেরিয়ে এলো আসল ঘটনা। ঘটনা উৎঘাটনের জন্য ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, শহরের পশ্চিম দাশড়া এলাকার পান্ডব ভবনের নিচতলায় অবস্থিত ‘অভি অলংকার’-এ শনিবার (৪ অক্টোবর) রাতে ঘটে এই নাটকীয় ঘটনা। তদন্তে বেরিয়ে এসেছে, দোকান মালিক শুভ দাসই ছিলেন এই পরিকল্পনার মূল নায়ক। তিনি ৫ লাখ টাকার বিনিময়ে তিন যুবক সোহান, আমানত ও শরীফকে ভাড়া করেন “ছিনতাইকারীর চরিত্রে অভিনয়ের” জন্য।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ জানান, আসল ঘটনা উন্মোচিত করার লক্ষ্যে রোববার (৫ অক্টোবর) গভীর রাতে শহরের পৌলী এলাকার শাইলীপাড়া থেকে প্রথমে পুলিশ তিনজনকে আটক করে। কয়েক ঘণ্টা পরে আরও দুই জনকে আটক করে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার রাতে শুভ দাস মোবাইল ফোনে সহযোগীদের দোকানে ঢোকার নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী, ক্যাপ পরা দুই দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে শুভ দাসের গলায় ছুরি ঠেকিয়ে ‘লকার খুলতে’ বাধ্য করে। এরপর তারা ২২ ভরি স্বর্ণালংকার (বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা) নিয়ে যায়। ঘটনাটিকে আরও বাস্তব করে তুলতে শুভ দাসকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়, যাতে সবাই বিশ্বাস করে এটি সত্যিকারের ডাকাতি। পরে স্থানীয়রা আহত শুভ দাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর পুলিশের তদন্তে চমকে যাওয়ার মতো তথ্য বেরিয়ে আসে। এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক তদন্তেই প্রমাণ মেলে ঘটনাটি সম্পূর্ণ সাজানো। আজ বিকেলে এবিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। (মাহমুদুল হাসান)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *