Sun. Jun 21st, 2026

শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকার

বর্তমান সরকার শিক্ষাকে জাতির দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণ এবং ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রাখা হয়েছে। সরকারের পরিকল্পনায় ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। পাশাপাশি স্কুল ফিডিং/মিড-ডে মিল কার্যক্রম সব উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সব প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া ক্লাসরুমে সাজানো হবে। ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।

মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে স্মার্ট ক্লাসরুম, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসের মধ্যে এআই, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *