Fri. Jun 19th, 2026

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মিত্র দেশগুলোর জন্য মাশুল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, ‘আমরা রাশিয়াসহ মিত্র দেশগুলোর জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। তবে ভবিষ্যতে কী ঘটবে, এখনই বলা যাচ্ছে না।’

জালালি আরও বলেন, বর্তমানে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যেন অতিরিক্ত ব্যয় বা কোনো বাধা ছাড়াই এই কৌশলগত জলপথ ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সুবিধার আওতায় থাকা দেশগুলোর তালিকা ও শর্তাদি পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

উদাহরণ হিসেবে রাশিয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার মতো মিত্র দেশগুলো যাতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ চলাচলে এই সুবিধা পায়, সে চেষ্টা চলছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সিদ্ধান্ত কৌশলগত বার্তা বহন করছে। এর মাধ্যমে একদিকে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের ইঙ্গিতও দিচ্ছে তেহরান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল আদায়ের ঘোষণা দিয়েছিল ইরান। তবে রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের জন্য এই ফি মওকুফের সিদ্ধান্ত ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। (ইন্টারন্যাশনাল ডেস্ক)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *