Sun. Jun 21st, 2026

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভালো বোঝাপড়া’ হয়েছে: ইরান

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতালির রাজধানী রোমে শনিবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। চার ঘন্টা ধরে চলা বৈঠকে উভয় পক্ষের ‘ভালো বোঝাপড়া’ হয়েছে বলে জানিয়েছেন তারা। উভয় পক্ষই তাদের আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছে। ২৬ এপ্রিল ফের বৈঠকে বসার কথা জানিয়েছেন প্রতিনিধিরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, এটি আলোচনার দ্বিতীয় ধাপ। পারমাণবিক ইস্যুতে প্রথম পর্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাসকাটে। সে বারের মতো এবারও দুই দেশের আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় দফার আলোচনা মাসকাটেই অনুষ্ঠিত হবে।

রোমের বৈঠকে ‘গঠনমূলক’ পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি তার এক্সের পোস্টে জানিয়েছেন, আগামী কিছুদিন দেশ দুটি পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাবে। এক্ষেত্রে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সম্মত হয়েছেন বলে জানিয়েছে ওমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধীরে ধীরে গতি পাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা। কিছুদিন আগেও যা ছিল অকল্পনীয়। এখন এতে সম্ভাবনার পরিসর বাড়ছে। দুই দেশের আলোচনার অগ্রগতি নিয়ে ইরানও ইতিবাচক আশাবাদ ব্যাক্ত করেছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রোমের বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। বিশেষ করে দুই পক্ষের নীতিগত অবস্থান ও লক্ষ্য নিয়ে বোঝাপড়ার উন্নতি হয়েছে।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে যুক্তরাষ্ট্র। ওই চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে তেহরানের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। পরে চুক্তিটি ভেঙে যায়।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেই তেহরানের ওপর কঠোর অবস্থান গ্রহণ করেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে লেখা এক চিঠিতে পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানান তিনি। পাশাপাশি আলোচনা ব্যর্থ হলে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। (মোঃ মিছবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *