Breaking
Mon. Sep 14th, 2026

নারী বিশ্বকাপে আজ বাংলাদেশের মিশন শুরু, প্রতিপক্ষ পাকিস্তান

অতীতের ইতিবাচক স্মৃতি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। ২০২২-এর বিশ্বকাপে আমরা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিলাম। দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

এর আগে, মঙ্গলবার শুরু হয়েছে এবারের নারী বিশ্বকাপ, যার যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ দল ভারতে যাবে, যেখানে আসরের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নারী বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে, যা সময়ের হিসেবে পুরুষদের বিশ্বকাপেরও দুই বছর আগে। বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ২০২২ সালে, ১২তম আসরে। সেই আসরেই পরাশক্তি পাকিস্তানকে ৯ রানে হারিয়ে চমক দেখিয়েছিল টাইগ্রেসরা। সেই ঐতিহাসিক জয় এবার তাদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয়া আটজন ক্রিকেটার রয়েছেন এবারের স্কোয়াডেও। অধিনায়ক হিসেবে আগের মতোই নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। অভিজ্ঞতা এবারো দলের আত্মবিশ্বাসের বড় ভিত্তি।পাকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা। তিনি বলেন, ‘অতীতের ইতিবাচক স্মৃতি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। ২০২২-এর বিশ্বকাপে আমরা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিলাম।’

তবে বিশ্বকাপ শুরুর আগেই এক দুঃসংবাদে চাপে পড়ে বাংলাদেশ দল। হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন দলের কোচ সারোয়ার ইমরান। দ্রুত হাসপাতালে নেয়া হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা শেষে দলের সাথে যোগ দিয়েছেন। আশা করা যাচ্ছে, আজকের ম্যাচে তিনি ডাগআউটে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ও পাকিস্তান নারী দল এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচে, পাকিস্তান ৮টিতে। পরিসংখ্যান প্রায় সমান হলেও এবারো পাকিস্তানকে হারাতে প্রস্তুত টাইগ্রেসরা। যদিও গত সাড়ে পাঁচ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ, তবে মাঠে নিয়মিত অনুশীলন করে প্রস্তুতি নিয়েছে তারা।

বিশ্বকাপের সূচনা ম্যাচের আগে বাংলাদেশ দল এক সপ্তাহ আগে কলম্বো পৌঁছায়। সেখানে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানে জয় পায় বাংলাদেশ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে চায় টাইগ্রেসরা। দল, সমর্থক ও ক্রিকেটপ্রেমীদের চোখ এখন কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামের দিকে। (মোজাম্মিল হোসেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *