Breaking
Fri. Sep 11th, 2026

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে ফিরলেন তিন পেসার

বাংলাদেশ সফরকে সামনে রেখে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নিউজিল্যান্ডের তিন পেস বোলার—ম্যাথিউ ফিশার, উইল ও’রুর্কে এবং ব্লেয়ার টিকনার। পাশাপাশি অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট দীর্ঘ বিরতির পর আবারও সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন।

এই সিরিজে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যস্ত থাকায় তিনি দলে নেই।

পিঠের চোট কাটিয়ে তিনটি একদিনের ম্যাচে ফিরছেন ও’রুর্কে, আর পায়ের চোট থেকে সেরে উঠে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফিশার। টিকনারও গোড়ালির ইনজুরি কাটিয়ে দুই ফরম্যাটেই জায়গা পেয়েছেন।

হেড কোচ রব ওয়াল্টার বলেন, ‘উইল, ব্লেয়ার ও ম্যাথিউ গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করে নিজেদের আবার খেলার জন্য প্রস্তুত করেছে। তাদের দলে ফেরাতে পেরে আমরা খুশি। আধুনিক ক্রিকেটে প্রচুর খেলা হওয়ায় বোলিং বিভাগে গভীরতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।’

দারুণ ঘরোয়া মৌসুমের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন ফক্সক্রফট। তিনি ফোর্ড ট্রফিতে চ্যাম্পিয়ন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ১১ ইনিংসে ৪৩৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন এবং পুরো টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান করেন।

শ্রীলংকায় নিউজিল্যান্ড ‘এ’ দলের একদিনের সিরিজ শেষে মুহাম্মদ আব্বাস ও আদি আশোককে একদিনের দলে নেওয়া হয়েছে। ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন। এছাড়া ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ী দলের সদস্য ক্রিস্টিয়ান ক্লার্ক ও জেডেন লেনক্সও দুই দলে আছেন, যেখানে লেনক্সের টি-টোয়েন্টিতে অভিষেকের সম্ভাবনা রয়েছে।

নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। প্রথম দুটি একদিনের ম্যাচ ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড একদিনের দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাতেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাথিউ ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার। (স্পোর্টস ডেস্ক)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *