Sun. Jun 21st, 2026

সংশোধনী নয়, সংস্কার পরিষদের কমিটি হলে সমান সদস্য রাখার শর্তে একমত বিরোধীদল: জামায়াত আমির

সংবিধান সংশোধনী নয়, বরং সংস্কার পরিষদের কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সমান সদস্য রাখার শর্তে একমত পোষণ করেছে জাতীয় সংসদের বিরোধী দল। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান এই অবস্থান পরিষ্কার করেন। এ সময় তিনি অভিযোগ করেন, সংসদে অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন (মিসকোট) করেছেন। শফিকুর রহমান বলেন, ‘সরকারি দল থেকে একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে। আমরা সংকট তৈরি করতে নয়, বরং সমাধান করতে এসেছি। আইনমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে, আমরা সংবিধান সংশোধনের প্রস্তাবে একমত হয়েছি। কিন্তু প্রকৃত বিষয়টি হলো, আমরা সংবিধান সংশোধন নয়, বরং সংবিধান সংস্কারের কথা বলেছি। আমার বক্তব্যে কোনো অস্পষ্টতা ছিল না।’ বিরোধী দলের নেতা স্পষ্ট করে বলেন, সংস্কার পরিষদ বা এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকতে হবে। সংসদ সদস্যদের আনুপাতিক হারে সদস্য নির্ধারণ করা হলে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল আসার সম্ভাবনা নেই বলেও তিনি মন্তব্য করেন। সমান সদস্য নিশ্চিত করা হলে বিরোধী দল এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে বলে তিনি জানান।

সংসদে বিষয়টি স্পষ্ট করার সুযোগ না পাওয়ার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আইনমন্ত্রীর বক্তব্যের পর আমি ব্যাখ্যা দিতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে অধিবেশনের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। স্পিকার জানিয়েছেন, আগামীকাল এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। আমরা কালকের অধিবেশনে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব।’ নিজের রাজনৈতিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা বলেছি আমাদের ভূমিকা হবে গঠনমূলক। দেশের ও জাতির স্বার্থে সরকারের যেকোনো ভালো উদ্যোগকে আমরা সমর্থন ও সহযোগিতা দেব। তবে জনগণের অধিকার ক্ষুণ্ণ হলে বা জাতীয় স্বার্থ বিঘ্নিত হলে আমরা অবশ্যই প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।’ (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *