Sun. Jun 21st, 2026

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক অস্ত্রের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। জানা গেছে, চালান দুটি যুক্তরাজ্য থেকে ইসরায়েল-এর দিকে যাচ্ছিল এবং লিয়েজ বিমানবন্দর হয়ে ট্রানজিট হওয়ার কথা ছিল। সম্প্রতি বিমানবন্দরটিতে তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই। এর আগে, ব্রিটিশ গণমাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেইডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট বেলজিয়াম হয়ে ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিষয়টি নিয়ে ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করেছিল।

তল্লাশির পর এক বিশেষজ্ঞ প্রকৌশলী জব্দ করা মালামালের মধ্যে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সামরিক বিমানের যন্ত্রাংশ শনাক্ত করেন। অভিযোগ রয়েছে, এসব সরঞ্জাম যথাযথ ঘোষণা ছাড়াই ‘সাধারণ বিমানের যন্ত্রাংশ’ হিসেবে পাঠানো হয়েছিল। এ ঘটনায় বেলজিয়াম কর্তৃপক্ষ ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু করেছে।

ওয়্যালুন আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, এই চালানের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান হলো মার্কিন অ্যারোস্পেস কোম্পানি ‘মুগ’। প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যের কারখানা থেকে এর আগেও একইভাবে বেলজিয়াম হয়ে ইসরায়েলে একাধিক চালান পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তদন্ত সূত্র বলছে, এসব চালান ‘ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্স’-এর আওতায় পাঠানো হচ্ছিল। অন্তত ১৭টি চালান একই পদ্ধতিতে যুক্তরাজ্য থেকে লিয়েজ হয়ে ইসরায়েলে গেছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। (ইন্টারন্যাশনাল ডেস্ক)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *