Breaking
Thu. Sep 10th, 2026

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। জীবনের এই নতুন অধ্যায়কে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বিয়ের দাওয়াত দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার হাতে বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন সাদিক কায়েম। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি স্পিকারকে তার বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

স্পিকার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন। পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীর বাংলাদেশের রোল মডেলে উন্নীত হোক ডাকসু এমন প্রত্যাশা ব্যক্ত করেন। স্পিকার ছাড়াও আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরও রয়েছেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ডাকসু ভিপিকে আসন্ন নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন ।

দাওয়াতপত্রের তথ্য অনুযায়ী, তার হবু স্ত্রী হলেন আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার সন্তান। পেশাগতভাবে তিনি চিকিৎসক হিসেবে কর্মরত। বিয়ের আনুষ্ঠানিকতা দুই ধাপে সম্পন্ন হবে বলে জানা গেছে। বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মূল আয়োজন হবে।

পারিবারিক সূত্র ও ডাকসু সংশ্লিষ্টদের বরাতে আরও জানা যায়, কনভেনশন সেন্টারে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এদিকে বিয়ের খবর ও দাওয়াতপত্র ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জীবনের নতুন এই যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন সাদিক কায়েম। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *