Sat. Jun 20th, 2026

বৈঠকে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, বড় ইস্যুতে নীরবতা

বেইজিংয়ে দুই দিনব্যাপী বৈঠক শেষে দেশের যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যকার ‘ভিন্ন ভিন্ন সমস্যার’ সমাধান করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্যের বরাতে বিবিসি জানায়, বেইজিংয়ের ঝোংনানহাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট শি এই সফরকে ঐতিহাসিক ও যুগান্তকারী হিসেবে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ক গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল নতুন ভিত্তিতে পৌঁছানোর কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে মহান করতে চান, আর আমি চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ এ সময় তিনি দুই দেশকে পূর্বে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানান।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরকে অত্যন্ত সফল, বিশ্বব্যাপী আলোচিত এবং স্মরণীয় বলে মন্তব্য করেছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে । তিনি শি জিনপিংকে ‘পুরনো বন্ধু’ হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

ট্রাম্প আরও বলেন, তিনি প্রেসিডেন্ট শির সঙ্গে আন্তরিক ও গভীর যোগাযোগ বজায় রাখতে আগ্রহী এবং ভবিষ্যতে তাকে ওয়াশিংটনে আতিথ্য দেওয়ার অপেক্ষায় আছেন।

এই বৈঠককে উভয় দেশই সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে। তবে দুই পক্ষই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু বা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক চুক্তি নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। (ইন্টারন্যাশনাল ডেস্ক)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *