Breaking
Fri. Sep 11th, 2026

মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ইরান ও এর প্রতিবেশী মার্কিন মিত্রদেশগুলোতে শিশু হতাহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল ফোফানা শুক্রবার (৩১ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ইরান ও পার্শ্ববর্তী দেশগুলোতে যুদ্ধের প্রভাব এখনো অব্যাহত রয়েছে। যে বাড়ি, স্কুল বা এলাকায় শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেসব স্থানেই তারা নিহত বা আহত হচ্ছে এবং অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হচ্ছে। ইউনিসেফের তথ্যমতে, গত ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় মা-বাবার সঙ্গে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

আবদুল ফোফানা বলেন, সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করছে যে, পুরো অঞ্চলে চলমান সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরাই। গত পাঁচ মাসের যুদ্ধে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে চার হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে শুধু ইরানেই ২ হাজার ৫০০-এর বেশি শিশু হতাহতের শিকার হয়েছে। দেশটিতে ৩৮৬ জন শিশু নিহত এবং ২ হাজার ১১৭ জন আহত হয়েছে। তিনি আরও বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলোর শিশুদের এই দুর্ভোগকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া উচিত নয়। যে যুদ্ধ শিশুদের সৃষ্টি নয় এবং যার অবসান ঘটানোর ক্ষমতাও তাদের নেই, সেই সংঘাতের সবচেয়ে ভয়াবহ প্রভাব তাদেরই বহন করতে হচ্ছে।

ইউনিসেফ বিবদমান সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে তা কার্যকর করতে হবে এবং অবিলম্বে সহিংসতা বন্ধে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যেখানেই থাকুক না কেন, প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

(International desk, ATIKUR RAHMAN)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *