Breaking
Wed. Sep 9th, 2026

প্রথমবারের মতো শিল্পকলায় গান গাইলেন রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে ৬২ বছরের সঙ্গীতজীবনে প্রথমবারের মতো একক সঙ্গীতানুষ্ঠান করলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যার্ত মানুষের সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। শুক্রবার (২৪ জুলাই) রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ শীর্ষক এই একক সঙ্গীতানুষ্ঠানে নিজের জনপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করেন দেশবরেণ্য এই শিল্পী। প্রতিটি গানের পরিবেশনার পর কানায় কানায় পূর্ণ মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের করতালি ও ‘ওয়ান মোর, ওয়ান মোর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রশংসায় ভাসেন রুনা লায়লা।

রুনা লায়লার ৬২ বছরের সঙ্গীত ক্যারিয়ার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫৪ বছরের ইতিহাসে এটিই তার প্রথম একক সঙ্গীতানুষ্ঠান। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও কণ্ঠের সুর, আবেগ ও পরিবেশনায় তিনি প্রমাণ করেছেন, সঙ্গীতে তার মুগ্ধতা ছড়িয়ে দেয়ার ক্ষমতা আজও অটুট।

‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন রুনা লায়লা। এরপর একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় ১০টি গান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা রুনা লায়লার হাতে স্মারক সম্মাননা তুলে দেন।

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার লক্ষ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়। মানবিক এ উদ্যোগে সাড়া দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নিজের সুরের মাধ্যমে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন কিংবদন্তি এই শিল্পী।

(বিনোদন ডেস্ক)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *