শেখ হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। ফলে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চাইলে আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে সংক্ষুব্ধ পক্ষকে। এই মামলায় একটি অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সাজা বাড়িয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়ার দাবিতে উচ্চ আদালতে আপিল করবে প্রসিকিউশন।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের বলেন, ‘আমরা গতকাল রায়ের পূর্ণাঙ্গ কপি হতে পেয়েছি। আমরা দেখেছি একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।’

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার রায়। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব সম্পদ জুলাই আন্দোলনে ‘শহীদ ও আহতদের ক্ষতিপূরণ’ হিসেবে দেয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে এ মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনিই এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *