Sun. Jun 21st, 2026

‘সুস্থ আছেন ইমরান খান, জেল থেকে সরানো হয়নি’

জেলখানায় সুস্থ আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে আদিয়ালা জেল থেকে কোথাও সরানো হয়নি। এর আগে খবর ছড়িয়ে পড়ে যে, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে সরিয়ে নেয়া হয়েছে। এমন খবরকে গুজব বলে তা উড়িয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। প্রশাসন বলেছে, তিনি এখনও কারাগারের ভেতরেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। রাওয়ালপিন্ডি কারাগার কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আদিয়ালা জেল থেকে তাকে স্থানান্তরের খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ এবং যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন। কর্তৃপক্ষ আরও জানায়, তার স্বাস্থ্যের বিষয়ে যেসব জল্পনা চলছে সেগুলো ‘ভিত্তিহীন’, এবং পিটিআই প্রতিষ্ঠাতার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত নানা ধরনের মামলা চলমান। পৃথক এক বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইমরান খান বর্তমানে কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা তিনি আগে কখনও পাননি। তিনি মন্তব্য করেন, তার জন্য যে খাবারের তালিকা আসে- তা পাঁচতারকা হোটেলেও পাওয়া যায় না। খাজা আসিফ দাবি করেন, ইমরান খানের সেলে একটি টেলিভিশন আছে। তাতে তিনি ইচ্ছেমতো যেকোনো চ্যানেল দেখতে পারেন।

তিনি আরও যোগ করেন, তার জন্য ব্যায়ামের সরঞ্জামও আছে। এ কথা বলতে গিয়ে তিনি নিজের কারাবাসের দিনগুলোর সঙ্গে তুলনা করেন। আসিফ স্মরণ করেন, আমরা ঠাণ্ডা মেঝেতে ঘুমিয়েছি, জেলের খাবার খেয়েছি, জানুয়ারিতে মাত্র দুইটি কম্বল ছিল, গরম পানি ছিল না। তিনি বলেন, তখনকার সুপারিন্টেনডেন্ট আসাদ ওয়াররাইচ ব্যক্তিগতভাবে তার সেল থেকে গিজার খুলে ফেলার ব্যবস্থা করেন। মন্ত্রী আরও দাবি করেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে একটি ডাবল বেড এবং ভেলভেট ম্যাট্রেস দেয়া হয়েছে। তিনি তিক্ত সুরে বলেন, ওয়াশিংটন অ্যারেনার বক্তৃতা জেলের লাউডস্পিকারে শুনুক। শেষে তিনি সতর্ক করে বলেন, আল্লাহকে ভয় করুন, সময় কারও জন্য চিরস্থায়ী নয়। (অনলাইন ডেস্ক)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *