ঈদের আগাম টিকিট বিক্রির শেষ দিনে আধ ঘণ্টায় ৮২ লাখ হিট

ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৯ মার্চ) ট্রেনের ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট। রেলওয়ে সূত্র জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম আধা ঘণ্টায় শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য রেলের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ৮২ লাখ হিট হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩০ হাজার ৩৪৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনের ১২ হাজার ৫০০টি আসনের টিকিট বিক্রি হয়ে গেছে। যদিও পশ্চিমাঞ্চলের এই ১৯ ট্রেনের মোট আসন আছে ১৩ হাজার ৭৭৪টি।

কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, রোববারের তুলনায় আজকের টিকিটের চাহিদা তুলনামূলক কম। অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ। এখন চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ মার্চের টিকিট বিক্রি করা হবে। এদিকে সোমবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হয়েছে। সেই হিসাবে ১৩ থেকে ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

অন্যদিকে, ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। এদিন দেওয়া হবে ২৩ মার্চের টিকিট, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।
(অনলাইন ডেস্ক)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *