Breaking
Fri. Sep 11th, 2026

ব্যর্থতা ভুলে পারভেজের দুর্দান্ত প্রত্যাবর্তন, লাহোরের দাপুটে জয়

প্রথম ম্যাচের হতাশা দূরে ঠেলে গ্লোবাল সুপার লিগে ঘুরে দাঁড়ালেন পারভেজ হোসেন ইমন। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেললেন দারুণ এক ইনিংস, যার ওপর ভর করে ৩৮ রানের জয় তুলে নিয়েছে লাহোর কালান্দার্স। শুক্রবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে লাহোর। দলীয় সপ্তম ওভারে ক্রিজে নেমে শুরুতে কিছুটা সময় নেন পারভেজ। প্রথম চার বলে মাত্র ২ রান করলেও এরপর ধীরে ধীরে হাত খুলে খেলতে শুরু করেন। দশম ওভারে শাদাব খানকে বাউন্ডারি মেরে রান তোলার গতি বাড়ান তিনি। পরের ওভারেও ভাইটেল লজকে চার হাঁকান। এরপর শাদাবকে স্লগ সুইপে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মেরে আত্মবিশ্বাসের জানান দেন।

লজের বিপক্ষেও দু’টি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে ৩৩ বলে তিন চার ও তিন ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন পারভেজ। তার এই ইনিংসটি লাহোরের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

এছাড়া শেষদিকে ঝড় তোলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি মাত্র ২৩ বলে চারটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন। তাদের দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান তোলে লাহোর কালান্দার্স।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ডেজার্ট ভাইপার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানেই থেমে যায়। লাহোরের হয়ে বল হাতে চার উইকেট শিকার করেন উসামা মীর।

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পার্থ স্কর্চার্স একাদশের বিপক্ষে মাত্র ৩ রান করেছিলেন পারভেজ।

(আঃ রশিদ)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *